স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে বৌ-ভাত অনুষ্টান থেকে ফেরার পথে ডাকাতদের হামলায় যাদুকর খালেকসহ ১০ জন আহত হয়েছে। এসময় ডাকাতরা তাদের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ ইকরাম সড়কের ঘনোয়ারপাড় নামকস্থানে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, গত শুক্রবার জুম’আর নামাজের পর গোপায়া গ্রামের শাহীন মিয়ার কন্যা সাজু আক্তার (১৮) এর সাথে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের চৌধুরী বাড়ির হারুন মিয়ার পুত্র জসিম (৩০) এর আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পর মালামালের সাথে বৌ-ভাতের ছাগল দিয়ে বরকে কনেসহ বিদায় দেয়া হয়। গতকাল শনিবার ছিল বৌ-ভাতের অনুষ্ঠান। গোপায়া গ্রাম থেকে বেশ কটি ইমা গাড়িযোগে অর্ধশতাধিক কনেপক্ষ ইকরাম বরের বাড়ি যায়। সেখানে খাওয়া শেষে গোপায়া গ্রামে ফেরার পথে উল্লেখিতস্থানে একটি ইমা বিকল হয়ে যায়। এসুযোগে একদল মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে কনেপক্ষের লোকজনের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা হাতিয়ে নেয়। এসময় বাধা দিলে ডাকাতদের আঘাতে জাদুকর গোপায়া গ্রামের আব্দুল খালেক (৫৫), রোকেয়া (৪৫), বেগম বিবি (৫০), মোশাহিদ (১৫) ও ইমা চালক সামসু (২০) সহ ১০ জন আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় বেগম বিবিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply