আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উদয় গোপ (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের ইছবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত উদয় গোপ উপজেলার চৌধুরীহাটি গ্রামের শ্যামাপদ গোপের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উদয় গোপ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন এবং রাজমিস্ত্রির হেলপার (জুগালি) হিসেবে বিভিন্ন বাড়িতে নির্মাণকাজে অংশ নিতেন। ঘটনার দিন তিনি জলসুখা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল হান্নান মিয়ার বাড়িতে কাজ করছিলেন। কাজ শেষ করে সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করার সময় একটি হোল্ডার হাতে নিয়ে অন্য হাতে সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় পড়ে যান।
পরে সঙ্গে থাকা সহকর্মীরা ও বাড়ির মালিকের লোকজন তাৎক্ষণিকভাবে উদয়কে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মাইদুল হাসান জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।