শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে ধান কাটতে আসা শ্রমিকরা মাঠের এক পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মাঠি ভরাটের নির্ধারিত স্থানের দক্ষিণ-পূর্ব কোণে ঢালু অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানটি ঢাকা-সিলেট মহাসড়কের সন্নিকটে অবস্থিত।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, থানার পুলিশ এবং পিবিআই সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, মৃত বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি। তার মুখে দাড়ি ছিল এবং পরনে ছিল আকাশি রঙের হাফ হাতা পাঞ্জাবি ও সাদা চেকের লুঙ্গি। এছাড়া ঘটনাস্থলে একটি জুতা, গামছা ও একটি টুপি পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে।
উপস্থিত উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, লাশে পোকা-মাকড় ও মাছি বসতে দেখা গেছে, যা থেকে মৃত্যুর সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যায়।
বৃদ্ধের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।