স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, আজমিরীগঞ্জে নকলের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার (২০ এপ্রিল) জেলার বিভিন্ন কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্ত্তী।
তিনি জানান, চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদরাসার শিক্ষার্থীরা দাখিল বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয়। পরিদর্শনকালে দেখা যায়, শিক্ষার্থীরা এক সেট প্রশ্নে পরীক্ষা দিচ্ছেন, যা সরকারি নির্দেশনার পরিপন্থী। ফলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ২৩ জন শিক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
একই ধরনের অপরাধে মাধবপুর উপজেলার জগদীশপুর হাই স্কুল কেন্দ্রে ৩ জন শিক্ষক এবং সৈয়দ উদ্দিন কলেজ কেন্দ্রে ১ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি বাংলা পরীক্ষায় নকল করার সময় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্ত্তী জানান, পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।