স্টাফ রিপোর্টার : সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় বজ্রপাতের সম্ভাবনা থাকায় কৃষকদের মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
গতকাল সোমবার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আরও অন্তত পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, দেশের মধ্যাঞ্চলজুড়ে বর্তমানে কালবৈশাখী মেঘের সক্রিয়তা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পাশাপাশি সিলেটের সুনামগঞ্জ এবং কুমিল্লা অঞ্চলে বজ্রমেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, “এই অবস্থায় বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। ফলে কৃষকদের প্রতি আমাদের অনুরোধ, অন্তত আগামী ৪-৫ দিন মাঠে কাজ করা থেকে বিরত থাকুন। প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্ক থাকাই জীবনরক্ষার প্রধান উপায়।”
এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে। হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে জনজীবন কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার এমন বৈরী অবস্থায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।