স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের একটি জনসভা শেষে বিক্ষোভ মিছিলে সহিংসতার ঘটনায় ছাত্রলীগ নেতা শাকিব আহমেদসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট (রবিবার) চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভা শেষে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদে’ একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুনারুঘাট গোলচত্বরে এসে শেষ হয়।
গোলচত্বরে পৌঁছার পরপরই কিছু অজ্ঞাতনামা ব্যক্তি রাস্তায় চলাচলরত যানবাহনে বোমা বিস্ফোরণ ঘটায় ও হামলা চালায়। একইসঙ্গে তারা আশপাশের দোকানপাট ভাঙচুর করে এবং সাধারণ পথচারীদের ওপর আক্রমণ চালায়, যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আদিল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ করে যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাধারণ সম্মাদক শাকিব আহমেদ (২১), আব্দুল কাদির লস্কর, আবু তাহের, অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, মানিক সরকার, রুবেল আহমেদসহ আরও অনেকে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। আমরা সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নিচ্ছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”