
এস এম খোকন : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া বজ্রাঘাতে আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৮ এপ্রিল) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার সাথী জানান, সকালে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে উপজেলার আড়িয়ামুগুর গ্রামের পূর্ব হাওরে ধান কাটছিলেন কালাবাসী দাসের ছেলে দূর্বাসা দাস (৩৫) এবং তার ভাই-বোন। এ সময় আকস্মিক বজ্রপাতে দূর্বাসা দাস ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার ভাই ভূষণ দাস (৩৪) ও বোন সুধন্য দাস (২৮)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া একইদিন বজ্রপাতে উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামের এক শিশু আহত হয়।
ইউএনও মাহমুদা আক্তার সাথী আরও জানান, নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।