রাজু সরকার, বাহুবল : দীর্ঘ আড়াই মাস শূন্য থাকার পর অবশেষে নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পেলো হবিগঞ্জের বাহুবল উপজেলা। ৩৮তম বিসিএস কর্মকর্তা মোঃ মাহবুবুল ইসলামকে পদায়ন করা হয়েছে নতুন এসিল্যান্ড হিসেবে। তিনি আগামী সপ্তাহের শুরুতেই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্টরা।
গত ২৬ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদায়নের আদেশ জারি হয়।
নতুন এসিল্যান্ড মাহবুবুল ইসলাম এর আগে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত।
উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি পূর্বতন এসিল্যান্ড শিবরাজ চৌধুরী বদলির পর থেকে পদটি শূন্য ছিল। ফলে ভূমি অফিসের সকল কার্যক্রম একাই পরিচালনা করছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন।
নতুন এসিল্যান্ডের যোগদানের খবরে স্বস্তি ফিরেছে সেবা প্রত্যাশী ও স্থানীয় প্রশাসনের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের শূন্যতার অবসানে ভূমি সংক্রান্ত কাজের গতি ফিরবে এবং উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম হবে আরও কার্যকর ও গতিশীল।