স্টাফ রিপোর্টার : গুজব ও দাঙ্গা প্রতিরোধে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আজমিরীগঞ্জ উপজেলায় সচেতনতামূলক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) আজমিরীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের নগর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার।
বক্তব্যে তিনি বলেন, “গুজব ব্যক্তি পর্যায়ের সম্পর্ক নষ্ট করে। একটি পরিবারের ভেতরেও গুজবের কারণে টানাপোড়েন, পারিবারিক কলহ এবং মানসিক অশান্তি দেখা দিতে পারে। আর সমাজে বিভিন্ন শ্রেণি, গোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে গুজব ছড়ালে তা সামাজিক সম্প্রীতি ও সংহতি ব্যাহত করতে পারে এমনকি বড় ধরনের দাঙ্গারও আশঙ্কা থাকে। তাই আমাদের এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কায়সার মো: আব্দুল হাদী, উপজেলা শিক্ষা অফিসার শেখ মো: রফিকুল ইসলাম এবং উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অঞ্জনা আক্তার হেপী।
বক্তারা প্রান্তিক নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, কৃষি, শিক্ষা, আইনি সহায়তা এবং নারী-পুরুষের ক্ষমতায়নে সমতা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: আসাদুজ্জামান কাউছার বলেন, “পরিবার থেকে নৈতিকতা ও মূল্যবোধ শেখাতে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজব ও সহিংসতা প্রতিরোধে সচেতন মা-ই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।”
তিনি আরও জানান, নারী বিষয়ক যেকোনো অপরাধ থেকে দ্রুত সুরক্ষার জন্য সরকার ১০৯০, ৩৩৩ ও ৯৯৯ নম্বরে মোবাইল সেবা চালু করেছে। যৌতুকের অভিশাপ থেকে পরিবারকে মুক্ত রাখতে নারী উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও তিনি মত দেন।