পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুর উপজেলায় ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ৫২ মাদক ব্যবসায়ী। এ সময় ৩৩টি মাদক মামলা রুজু হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৩০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৪২ পিস ইয়াবা, ৭৭ বোতল ফেন্সিডিল ও ২৬ বোতল ভারতীয় মদ।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দায়িত্ব গ্রহণের পর মাদক নির্মূলে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জনসচেতনতা তৈরির জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ২০টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয়দের হাতে নিজের মোবাইল নম্বর তুলে দেন, যাতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য সরাসরি তাকে জানানো যায়।
নোয়াপাড়া ইউনিয়নের মেম্বার নূরুল হাসান তপু বলেন, “ছাতিয়াইন রেলওয়ে স্টেশনের পাশের চা বাগানে প্রতিদিন মাদকের আসর বসতো। এখন পুলিশের কঠোর অবস্থানের কারণে এলাকাটি প্রায় মাদকমুক্ত।”
তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি জানান, আগে মাদকসেবিদের যন্ত্রণা ছিল নিত্যদিনের। ওসির উদ্যোগে বৈঠকের পর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে।
শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, “পুলিশ ও বিজিবির তৎপরতায় মাদকসেবীদের চলাফেরা অনেক কমেছে। তবে দুর্গম ফাঁড়ি রাস্তাগুলোতে নজরদারি আরও বাড়ানো দরকার।”
চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “৫ আগস্টের পর কিছুটা ঢিলেঢালাভাব থাকলেও গত কয়েক মাসে পুলিশ ও বিজিবির কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।”
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি যতদিন মাধবপুরে আছি, কোনো মাদক ব্যবসায়ী শান্তিতে থাকতে পারবে না— হয় তারা মাদক ছাড়বে, না হয় এলাকা ছাড়বে।”
মাধবপুর থানা পুলিশের এমন সক্রিয়তা ও জনসম্পৃক্ততার উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সহায়তার আশ্বাস দিয়েছেন।