সময় ডেস্ক : কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের পর একটি চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। ওই অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটিতে ৬৯ জন যাত্রী ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, উড়োজাহাজটি মাত্র ঢাকায় অবতরণ করেছে। একটি চাকা ছাড়াই রানওয়েতে অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছে।
এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল?্যান্ড করানো সম্ভব। এ ক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।
বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণেই চাকাটি খুলে যায়। তবে দক্ষতার সঙ্গে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করানোর জন্য ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তাঁর ক্রুদের ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, ক্যাপ্টেন জামিলের ৮ হাজার ঘণ্টার উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে।
এদিকে চাকা খুলে যাওয়ার ঘটনা তদন্তে বিমানের নিরাপত্তা বিভাগের প্রধান ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা স্থানীয় সাংবাদিকদের জানান, খুলে পড়া চাকাটি পরে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।