রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ : বিট পুলিশিং কার্যক্রমকে মূলমন্ত্র ধরে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি; তথ্য দিন সেবা নিন’ শ্লোগান সামনে রেখে আজমিরীগঞ্জ থানায় ৫টি বিটে এই কার্যক্রম চলছে। প্রতিটি বিটে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্রুততম সময়ে জনগণকে সেবা প্রদান এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাই বিট পুলিশিংয়ের প্রধান উদ্দেশ্য।
বিট পুলিশিং কর্মকর্তারা নিয়মিত সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূলের পাশাপাশি ধর্ষণবিরোধী সভার আয়োজন করে জনগণকে সচেতন করার কাজ করে যাচ্ছেন। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম এই কার্যক্রমের নিয়মিত মনিটরিং করছেন যাতে তা আরও ফলপ্রসূ হয়।
গতকাল শুক্রবার (১৬ মে) কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলার সাথে সংযুক্ত কুশিয়ারা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই গ্রামে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম। তিনি আদিপত্য বিস্তার ও কথা কাটাকাটির বিষয়টি দ্রুত নিষ্পত্তি করেন।
সভায় উপস্থিত ছিলেন এস আই খোকন, এএস আই আদিল, বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে থানার পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা জানিয়ে ধন্যবাদ জানান।