সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ : চার মাস পর শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৭৫০টি টিসিবি ফ্যামিলি নতুন স্মার্ট কার্ড এসেছে। দীর্ঘদিন ধরে টিসিবি পণ্য থেকে বঞ্চিত থাকা অসহায় পরিবারগুলোর জন্য এটি স্বস্তির খবর নিয়ে এসেছে।
সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে টিসিবির ফ্যামিলি কার্ডধারী পুরাতন সংখ্যা ২ হাজার ১৫৭টি। এর মধ্যে ১ হাজার ১০৭টি পরিবার ইতোমধ্যে নতুন স্মার্ট কার্ড পেয়ে নিয়মিত টিসিবি পণ্য ডিলারদের কাছ থেকে ক্রয় করছে। তবে বাকি ১ হাজার ৫০টি পরিবার এখনো নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় তারা পণ্য ক্রয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল।
এই সমস্যা নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সোহেল রানা হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের হাতে ১৯,৮০৫টি নতুন স্মার্ট কার্ড হস্তান্তর করেন। হবিগঞ্জ জেলা প্রশাসক পরবর্তীতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের নিকট ১,০০২টি স্মার্ট কার্ড সরবরাহ করেন। এর মধ্যে ৭২৫টি কার্ড শায়েস্তাগঞ্জ পৌরসভায় এবং বাকি ২৭৭টি কার্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়।
তবে এর আগে সরবরাহকৃত ১,১০৭টি কার্ডের মধ্যে ১৩৭টি এখনও ‘নন-একটিভ’ থাকায় সেই সংখ্যক পরিবার টিসিবি পণ্য কিনতে পারছে না। এ নিয়ে উপকারভোগীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী মোঃ আতাউর রহমান জানান, “আমরা ৯টি ওয়ার্ডের পুরাতন কার্ডধারীদের তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের প্রচেষ্টায় নতুন কার্ড সরবরাহ সম্ভব হয়েছে। তবে এখনও কিছু কার্ড না আসায় সমস্যা রয়ে গেছে।”
স্থানীয়রা দ্রুত সব কার্ড একটিভ করে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।