স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তামোঃ রুহুল আমিন। তিনি বলেন, সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, মায়েদের প্রচেষ্টায় একজন সন্তান দেশের, জাতির এবং বিশ্বের সম্পদে পরিণত হতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, নবীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোশাহিদ মিয়া এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সালাম।
সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছার। তিনি বলেন, পরিবার থেকেই নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে শিক্ষা শুরু হওয়া উচিত। একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, নারীর প্রতি সহিংসতা ও যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিতে সরকার ইতোমধ্যে ১০৯০, ৩৩৩ ও ৯৯৯ নম্বরে মোবাইল সেবা চালু করেছে। এসব সেবা ব্যবহারে নারী উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।