এস.এম সুলতান খান, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে আটজন পুরুষ, ১১ জন নারী ও দুটি শিশু। গতকাল সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
তারা হলেন- লোকমান হোসেন (৬৫), তার স্ত্রী কিসমন (৫৪), ছেলে ইসলাম (২৬), ইসমাইল (২৪,) মেয়ে আফরোজা (২৯), ছেলের স্ত্রী জেসমিন (২৩), মেয়ে রেশমা (৫), ছেলের স্ত্রী কাকলি বেগম (২২), ছেলে শাহজাহান (২), নিলুফা (১১), ওবায়দুর (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন (১৪), আবুল মিয়া (৫২), জাহানারা (৪০), আলম (১১), রবিউল (১৪), ছখিনা (৬০) ও নিলা বেগম (২৩)।
বিজিবি সূত্র জানায়, গভীর রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ এই ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করে। খবর পেয়ে ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম উপস্থিত হন। ফেরত পাঠানো ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায়।
বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিরা প্রায় ২০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দিল্লি থেকে তাদের আটক করে বিমান ও ট্রেনে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ মুখ বেঁধে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, আটক ১৯ বাংলাদেশি নাগরিক বিজিবির হেফাজতে আছে। তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো বা অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিজিবির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক কারণে উপজেলা প্রশাসন তাদের খাবার সরবরাহ করবে।
৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করে ১৯ জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।