
শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় বন্দুক, গুলি ও ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারি ফুয়াদ আহমেদ সাকিব পালিয়ে যেতে সক্ষম হয়।
গতকাল রবিবার (১ জুন) ভোর ৫টার দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে এ অভিযান চালায়। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সাকিব পালিয়ে যায়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাকিবকে ধরতে গিয়ে তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। এসময় বাড়ির বাথরুমের ছাদ থেকে একটি দেশীয় বন্দুক (মডেল: ঝগক ই২), তিনটি গুলি ও ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে তল্লাশির সময় রাব্বিও পালিয়ে যান। তিনি ওই গ্রামের জোনাব আলীর ছেলে।
উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।