
স্টাফ রিপোর্টার : টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে খোয়াই, কালনী ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। টানা বর্ষণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, খোয়াই নদীর পানি রবিবার সন্ধ্যা ৬টায় বাল্লা পয়েন্টে বিপৎসীমার ৪০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে আজমিরীগঞ্জে কালনী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাধবপুর উপজেলার সোনাই নদী, চুনারুঘাটের সুতাং নদী ও বাহুবলে করাঙ্গী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। ওই নদীগুলোর তীরবর্তী অনেক এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে টানা বর্ষণে হবিগঞ্জ শহরের প্রধান সড়কের সার্কিট হাউজের সামনে, পানি উন্নয়ন বোর্ডের সামনে এবং পিছনের রাস্তার ফায়ার সার্ভিস এলাকা পানিতে ডুবে গেছে।
শহরের শ্যামলী, পুরানমুন্সেফী, মাহমুদাবাদ, শায়েস্তানগর, মোহনপুরসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি উঠেছে। লোকজনকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।