
শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুর উপজেলায় সিমলা বেগম (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২ জুন) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিমলা ওই গ্রামের নুর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সিমলা। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত কাশিমনগর পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা স্থানীয়দের উদ্ধৃত করে জানান, কিছুদিন ধরে সিমলা মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে জানা গেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”