
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় একটি জমি দখল ও মালিকানা সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় দিয়েছেন আদালত। ২০২৩ সালে দায়ের করা এই মামলা (মামলা নং- স্বত্ব ১৩৮/২৩) চলতি বছরের ২৫ মে বিজ্ঞ সহকারী জজ সংগীতা ভট্টাচার্য কর্তৃক রায় প্রদান করা হয়।
বাদীপক্ষ কমরু মিয়া অভিযোগ করেন, তাদের মালিকানাধীন জমি নিয়ে কবির মিয়া গং এর সাথে বিরোধ দেখা দেওয়ায় জমির দলিল ও হস্তান্তর সংক্রান্ত নথি আদালতে উপস্থাপন করা হয়।
রায়ে আদালত উল্লেখ করেন, বাদীপক্ষ জমির মালিকানা এবং দখলের যথাযথ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। দাখিলকৃত দলিলপত্র, নামজারি রেকর্ড এবং স্বাক্ষ্য অনুযায়ী প্রমাণিত হয় যে, উক্ত ভূমি মূলত বাদীদের পিতার মালিকানাধীন এবং বাদী বর্তমানে সেখানে অবস্থান করছেন।
অন্যদিকে, বিবাদীপক্ষের স্বাক্ষীগণের বক্তব্য পরস্পরবিরোধী ও প্রাসঙ্গিক নথিপত্রে সমর্থিত হয়নি। বিশেষ করে, হস্তান্তর দলিল বা ক্রয়সংক্রান্ত দলিলের ঘাটতি তাদের দাবিকে দুর্বল করেছে।
আদালত রায়ে বলেন, বাদীপক্ষ ভূমির প্রকৃত মালিক এবং দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণভাবে দখল করে আছেন। বিবাদীপক্ষের প্রবেশ ও অবৈধ নির্মাণকে ‘অনধিকার প্রবেশ’ হিসেবে গণ্য করে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। অর্থাৎ, বিবাদীপক্ষকে উক্ত ভূমিতে প্রবেশ, ব্যবহার বা কোনো নির্মাণ কাজ থেকে স্থায়ীভাবে বিরত থাকার নির্দেশ দেন আদালত।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন, এডভেকেট রাজিব কুমার দে তাপশ এবং বিবাদীপক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট মোঃ শফিকুল ইসলাম দুলাল।