
ইয়াছিন আরাফাত, মাধবপুর : মাধবপুরে ছয়টি চোরাই গরু ও একটি নাম্বারবিহীন পিকআপ ভ্যানসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) ভোররাতে মাধবপুর থানা পুলিশের অভিযানে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।
আটককৃত কিশোর মো. সালমান মিয়া (১৬), সিলেট জেলার জালালাবাদ উপজেলার পাইকরিয়াজ শিবেরবাজার এলাকার মনির মিয়ার ছেলে। সে পিকআপ ভ্যানে করে চোরাই গরুগুলো নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে।
পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. রফিক মিয়া (৫৭) এর গোয়ালঘর থেকে সংঘবদ্ধ গরু চোরচক্র ছয়টি গরু চুরি করে পালিয়ে যায়।
খবর পেয়ে মাধবপুর থানার একটি টহল দল দ্রুত অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ এলাকায় পৌঁছে স্থানীয় থানার পুলিশের সহায়তায় গরুসহ পিকআপটি আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার আলতাফ মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩৫), কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকার মো. নাছির ও মো. জুবেদসহ আরও কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটককৃত কিশোরকে জিজ্ঞাসাবাদ করে চোরচক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।