আজমিরীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়াসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে আজমিরীগঞ্জ-শিবপাসা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে গরু ও মহিষ দেখার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন উপজেলার ১নং সদর ইউনিয়নের বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া, যিনি মরহুম আতর আলী মিয়ার পুত্র। তিনি গ্রামের রাস্তা অতিক্রম করে আজমিরীগঞ্জ-শিবপাসা সড়কে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চারজনই আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়াকে উদ্ধার করে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। পরবর্তীতে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোঃ ইকবাল হোসেন বলেন, “তার মাথা, মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে বিস্তারিত জানতে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন। আহত চেয়ারম্যানকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।”