মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ, আমন ধানের বীজ, জৈব সার ও ফলদ চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চৌমুহনী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠানে ২০০ কৃষকের মাঝে শাকসবজির বীজ ও লেবু, তাল, আম, নিম, বেল, জাম এবং কাঁঠালের চারা বিতরণ করা হয়। এছাড়াও ১ হাজার ৫০০ কৃষকের মাঝে জৈব সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, একই দিনে ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কৃষি বিভাগের এমন উদ্যোগে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং মৌসুমি চাষে সহায়তা পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।