হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ হাজি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে এবং ঘরগুলোকে গ্রাস করে।
অগ্নিকাণ্ডে হিরা মিয়ার পুত্র শাকিল আহমদের বাড়ি এবং সোনাই মিয়ার পুত্র কাজল মিয়ার দুটি ছাপড়া ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে নির্ধারিত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।