বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশি সিগারেটসহ চুনারুঘাট উপজেলার দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের পপুলার মেডিকেল সেন্টারের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আব্দুল হাই (৪০) এবং লক্ষীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জামাল মিয়া (৩৯)।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পিকআপ ভ্যান থেকে নেমে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি কালো রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৩৭৩৬) জব্দ করা হয়।
পরবর্তীতে পিকআপ তল্লাশি করে ১৭টি কার্টনে ও একটি প্লাস্টিক বস্তায় রাখা ১ লাখ ৭৭ হাজার শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১১ লাখ ৩ হাজার টাকা।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তপথে বিদেশি সিগারেট এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।