সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি পুরনো ছবি। ছবিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে- যেখানে তিনি একঝাঁক ছাত্রের মাঝে দাঁড়িয়ে আছেন। অনেকে ভেবেছেন এটি তার ছাত্রজীবনের কোনো মুহূর্ত। কিন্তু বাস্তবতা ভিন্ন। ছবিটি তখনকার, যখন মোশাররফ করিম নিজেই ছিলেন শিক্ষক।
নব্বই দশকের সময়টিতে আজকের মতো স্মার্টফোন কিংবা ফেসবুক লাইভ ছিল না, তবে স্মৃতি ধরে রাখতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ছবিতে বন্দী হওয়ার চল ছিল। তেমন এক মুহূর্তেই ক্যামেরাবন্দী হয়েছিলেন ‘শামীম স্যার’ যিনি পরে হয়ে উঠেছেন নাটক ও চলচ্চিত্রের অন্যতম আইকন মোশাররফ করিম।
জানা গেছে, সে সময় তিনি ঢাকার বিখ্যাত ই-হক কোচিং সেন্টারে বাংলা পড়াতেন। শিক্ষার্থীরা তাকে চিনতেন ‘শামীম স্যার’ নামে। ওই ছবির মন্তব্য ঘরে এক ব্যবহারকারী হাবিবুর রহমান লেখেন, “আমিও ওনার ছাত্র ছিলাম।” আরেকজন লেখেন, “আমি ই হকের শামীম স্যারের কাছে পড়েছি, তিনি খুব ভালো বাংলা পড়াতেন।”
এখানেই শেষ নয়। জনপ্রিয় সংগীতশিল্পী কনা-ও ছিলেন মোশাররফ করিমের ছাত্রী। এক পুরনো সাক্ষাৎকারে কনা বলেছিলেন, “আমি যে কোচিংয়ে পড়তাম সেখানে মোশাররফ করিম ভাই পড়াতেন। উনার ডাক নাম শামীম। আমরা শামীম ভাই বলে ডাকতাম। তবে আমাদের কাছে কোনো ক্লু ছিল না যে উনি এত বড় অভিনেতা হবেন। উনি খুব রাগী ছিলেন।”
মোশাররফ করিম নিজেও বহু সাক্ষাৎকারে স্বীকার করেছেন, জীবনের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। ১৯৭১ সালের ২২ আগস্ট তিনি বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। পরে ঢাকা এসে অভিনয়ে যুক্ত হয়ে ওঠেন, আর সেই শুরু নাট্যদল 'নাট্যকেন্দ্র' থেকে টিভি নাটক, সেখান থেকে সিনেমা—প্রতিভা ও পরিশ্রমে জয় করেছেন কোটি দর্শকের মন।