অলিপুর প্রাণ কোম্পানির ভেতর থেকে রড, সিমেন্ট, লোহার রড ও তামার তারসহ মালামাল চুরির এক মাস পর অবশেষে একজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ।
আটক যুবক হলেন- হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদারিয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে অলিপুর কলোনীর সওদাগর মিয়ার ছেলে তাউছ মিয়া (২০)।
জানা যায়, গত ১ জুন প্রাণ কোম্পানির ভেতর থেকে উল্লেখিত মালামাল চুরি হয়। কিন্তু এক মাস পার হলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। মঙ্গলবার রাতে তাউছ মিয়ার নিকট থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পরে অলিপুরের হাসান মিয়ার বাড়ি থেকেও আরও কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় প্রাণ কোম্পানির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
তবে এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এলাকাবাসীর ভাষ্য, ১৬ ফুট উচ্চতার দেয়াল, সিসি ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড থাকা অবস্থায় কীভাবে এমন মালামাল চুরি হলো, তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, “এটা প্রথম ঘটনা নয়। এর আগেও কোম্পানির কিছু অসাধু কর্মচারী নিজেরাই মালামাল চুরি করে সাধারণ মানুষকে ফাঁসিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে।”
এ বিষয়ে কোম্পানির কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও স্থানীয়দের দাবি, শুধু চোর আটকে দায়িত্ব শেষ নয়, কোম্পানির ভেতরে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা জরুরি।