হবিগঞ্জ শহর ও আশপাশে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসা। সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে কিছুদিন গা ঢাকা দিলেও এখন পুরোদমে আবারও চালু হয়েছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকের অবাধ বেচাকেনা।
স্থানীয়রা জানান, শহরের বড় বহুলা মোকাম বাড়ি, বাইপাস, পেট্রোল পাম্প এলাকা, ইনাতাবাদ, শায়েস্তানগর, রাজনগর, উমেদনগর, হরিপুরসহ অন্তত ১৫টি স্পটে প্রতিদিন সন্ধ্যার পর রিকশাযোগে সরবরাহ হচ্ছে মাদক। এসব মাদক সহজলভ্য হওয়ায় কিশোর ও যুবকরা তা ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে এবং অর্থ জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
মাদকসেবীদের ভাষ্য অনুযায়ী, ইয়াবার প্রতি পিস ১৫০ থেকে ৩০০ টাকা, ফেনসিডিল প্রতি বোতল ২,৫০০ থেকে ৩,০০০ টাকা, গাঁজা প্রতি পুটলা ৫০-১০০ টাকা এবং চোলাই মদ ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
সচেতন মহল জানায়, মাঝে মাঝে পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের গ্রেফতার করলেও সাধারণ মামলা দিয়ে চালান দেওয়ায় তারা অল্পদিনেই জামিনে বেরিয়ে এসে আবারও একই ব্যবসায় জড়াচ্ছে।
সেনাবাহিনীর অভিযানের পর কিছু মাদক ব্যবসায়ী গা ঢাকা দিলেও বর্তমানে তারা আগের চেয়েও বেশি সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।