নবীগঞ্জ উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত কাউন্সিল ও সম্মেলন সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগামী ৯ জুলাই অনুষ্ঠিতব্য এ কাউন্সিলকে ঘিরে বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
গতকাল শনিবার (২৮ জুন) বিকাল ৫টায় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে ৫টি পদে মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে অনেকেই পুরনো পদ ছেড়ে নতুন পদে লড়াইয়ে নেমেছেন।
দীর্ঘদিন যাবৎ বিভক্ত নবীগঞ্জ উপজেলা বিএনপিতে দুটি বলয় বিদ্যমান। একদিকে রয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, অন্যদিকে বর্তমান আহবায়ক মোঃ সরফরাজ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু।
উল্লেখ্য, আহ্বায়ক কমিটির মাধ্যমে ইতিমধ্যে উপজেলার ১৩টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন কমিটির সদস্যরা কাউন্সিলর হিসেবে ভোটাধিকার প্রাপ্ত হবেন। তাদের সঙ্গে থাকবেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যরাও।
দলীয় নেতা-কর্মীরা জানান, এবার ৬ষ্ঠবারের মতো কাউন্সিলের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। এর আগেও একাধিকবার তারিখ নির্ধারণ করেও কোন্দলের কারণে তা স্থগিত হয়েছিল। তবে এবার চূড়ান্ত কাউন্সিলের জন্য সবাই প্রস্তুত।
নির্বাচনী কমিশনার অ্যাডভোকেট মুদ্দত আলী জানান, গতকাল ৫টি পদে ২৪ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। আজ রোববার (২৯ জুন) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফরম জমা নেয়া হবে।
নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলীর দেয়া তথ্য মতে ফরম ক্রয়ের ক্রম অনুসারে, সভাপতি পদে সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাবেক ইউপি চেয়ারম্যান হাজ্বী আব্দুল মোক্তাদির চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি। সিনিয়র সহ সভাপতি পদে বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোঃ খসরু চৌধুরী ও ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া। সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুর রহমান মজিদ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মুজতাহিদ উদ্দিন, গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, মোঃ এনামুল হক, দেবপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি এড. জালাল আহমদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলি ও নবীগঞ্জ উপজেলা সে¦চ্ছাসেবক দলের আহবায়ক জুসেফ বখত চৌধুরী।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল গনি চৌধুরী সোহেল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক এড. শাহিদ আলী তালুকদার, জামাল চৌধুরী, জাহান আহমদ, নবীগঞ্জ পৌর জাসাসের সাবেক আহবায়ক মোঃ রাশেদ মিয়া ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলি।