গত ২৮ জুন ‘দৈনিক হবিগঞ্জ সময়’ এ প্রকাশিত “নবীগঞ্জে কিস্তির টাকা দিতে না পারায় বসত ঘরে তালা” শীর্ষক সংবাদের প্রেক্ষিতে ব্র্যাক কর্তৃপক্ষ একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন।
প্রতিবাদপত্রে ব্র্যাক কর্তৃপক্ষ উল্লেখ করেন, উক্ত প্রতিবেদনে তাদের একজন কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। পুলিশের প্রাথমিক তদন্তেও অভিযোগটির সত্যতা মেলেনি।
ব্র্যাকের ভাষ্য অনুযায়ী, ঋণগ্রহীতা অরবিন্দু আচার্য্য নবীগঞ্জ বাজার শাখা থেকে ঋণ নিয়েছেন। চলতি মাসের কিস্তি আদায়ের জন্য ব্র্যাকের এক কর্মী তার বাড়িতে গিয়ে তালা লাগানো দেখতে পান। পরে জামিনদার ও চাচাতো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেও ঋণগ্রহীতার সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় জামিনদার নিজেই বাড়িতে আরেকটি তালা লাগান এবং পরে পুলিশের উপস্থিতিতে নিজেই তালা খুলে দেন।
ব্র্যাক দাবি করেছে, এই ঘটনায় তাদের কোনো কর্মীর সম্পৃক্ততা নেই।