মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে। তিনি পিকআপ ভ্যানটির চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে একটি পিকআপ ভ্যান নবীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। বেজুড়া এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক লিটন মিয়া নিহত হন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের ভেতর থেকে লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।