আজমিরীগঞ্জ বাজারে প্রতিদিনই যানবাহনের তীব্র জট তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুল ছুটির সময় স্কুলগামী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। একদিকে যানজট, অন্যদিকে মিশুক চালকরা ছাত্রছাত্রীদের নিতে অনীহা প্রকাশ করায় অনেককে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে রাস্তার পাশে।
সরেজমিনে দেখা যায়, বাজারের প্রধান সড়ক লাল মিয়া বাজার রোডের মোড় থেকে ঔষধ ঘরের সামনে পর্যন্ত সড়কটি সরু হওয়ায় যানবাহনের মোড় নিতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। ১ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় থানার সামনে থেকে মধ্য বাজার পর্যন্ত সড়কে ব্যাপক যানজট ও জনদুর্ভোগ লক্ষ করা গেছে। ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও টমটম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোয় সৃষ্টি হচ্ছে এই যানজট।
পথচারীদের অভিযোগ, বাজারের দোকানগুলোর সামনে গাড়ি দাঁড় করিয়ে মালামাল ওঠানামা করেন ব্যবসায়ীরা, যা যান চলাচলে বাধা সৃষ্টি করে। অন্যদিকে মিশুক, ইজিবাইক ও টমটমচালকেরা যথেচ্ছভাবে রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী তুলছেন।
স্থানীয় ব্যবসায়ী সাদেক মিয়া বলেন, “মেইন বাজার থেকে সরে গিয়ে যদি এই গাড়িগুলো যাত্রী ওঠানামা করে, তাহলে যানজট অনেকটা কমে যাবে।”
আরেক ব্যবসায়ী হরি রাম বলেন, “রাস্তায় গাড়ির জন্য মানুষ চলাচল করতে পারে না। কাস্টমাররাও দোকানে আসতে ভয় পায়। গাড়ির জন্য একটু দূরে স্ট্যান্ড হলে আমাদের জন্য ভালো হতো।”
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “এই এলাকায় যানজট নিরসনের জন্য পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। যাতে পথচারী ও ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে চলাচল করতে পারেন সে লক্ষ্যে পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে।”