বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, যেকোনো সময় উভয়পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সংগঠনের কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জ জেলার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানের পদ সাময়িকভাবে স্থগিত করে এবং তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
এর আগে, স্থানীয় নেতাদের ওপর হামলার অভিযোগে সাকিব গ্রুপের নেতৃত্বে থাকা যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে বহিষ্কার করে হবিগঞ্জ কমিটি। এই হামলার ঘটনায় মাহদী হাসানের দায়ের করা মামলায় সাকিবসহ বেশ কয়েকজন বর্তমানে হবিগঞ্জ জেলা কারাগারে আছেন।
এই প্রেক্ষাপটে গতকাল সাকিবপন্থীরা আরিফ ও মাহদীর স্থায়ী বহিষ্কারের দাবিতে শহরে প্রতিবাদ সভা ও মিছিল করে। অপরদিকে আরিফ ও মাহদীর সমর্থকেরাও তাদের পুনর্বহালের দাবিতে পাল্টা মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
সংগঠনের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব ক্রমেই তীব্র হয়ে উঠছে। যে কোনো সময় শহরের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।