শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রায়হান মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ স্টেশন অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়। একশ্রেণির যুবক ও কিশোররা জংশনের বিশ্রামাগার দখল করে আড্ডা দিতে দেখা যায়। প্রতিদিন শত শত যাত্রীরা স্টেশন দিয়ে বিভিন্ন জেলায় যাতায়াত করেন। চুরি, ছিনতাইসহ অপরাধ হলেও কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তাদের দৌরাত্ম বেড়েই চলেছে। কারো নিরাপত্তা নেই স্টেশনে।
গত বুধবার রাতে কুলাউড়ার এক কিশোরী চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেনে শায়েস্তাগঞ্জ স্টেশনে আসে। এ সময় তাকে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণ করা হয়। পরে সে গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির পাশে অসুস্থ অবস্থায় কাঁদতে থাকলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে। পরে অভিযান চালিয়ে গতকাল বিকালে সন্দেহজনক নিজগাঁও গ্রামের রায়হান মিয়াকে আটক করে। পুলিশ ওই কিশোরীকে সদর হাসপাতালে চিকিৎসা করায়।
পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এ বিষয়ে ওই কিশোরীর অভিভাবক আসার পর মামলা দায়ের হবে। বর্তমানে রায়হান ও কিশোরী পুলিশ হেফাজতে আছে।