হবিগঞ্জে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” এর অংশ হিসেবে অনুষ্ঠিত হলো “জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী” অনুষ্ঠান। গতকাল শুক্রবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, বিএনপির জেলার যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহসিন আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতাটি ধুলিয়াখাল থেকে শুরু হয়ে শেষ হয় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে। সমাপ্তির পর ১৮ জন সফল ম্যারাথন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করতেই এ প্রতিযোগিতার আয়োজন। তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন। আমরাও সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছি।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও উপস্থিত অতিথিরা আয়োজনটির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।