হবিগঞ্জ শহরে রহস্যজনকভাবে পাঁচ ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো মৃত্যুর নির্দিষ্ট কারণ নিশ্চিত হয়নি।
নিহতরা হলেন- চৌধুরী বাজারের চায়ের দোকানের কর্মচারি অপু দাস (৩৭), ট্রাফিক পয়েন্ট এলাকার সেলুন ব্যবসায়ী রতন শীল (৫৫), একই এলাকার চা স্টল ব্যবসায়ী নিকুঞ্জ দাস (৪৬), উমেদনগর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া (৫৫) ও মৃত আকলাছ মিয়ার ছেলে মারাজ মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির পাশের সুইপার কলোনি এলাকা থেকে কিছু ব্যক্তি চোলাই মদ সংগ্রহ করেন বলে সন্দেহ করা হচ্ছে। এরপর পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন এবং হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতেই প্রথমে জাহাঙ্গীর মিয়া মারা যান। পরদিন ১৭ জুলাই মারা যান তিনজন এবং গতকাল আরো একজন মৃত্যুবরন করেন।
তবে হাসপাতালের ভর্তি কাগজে তাদের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ বলছে, তদন্ত চলছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘নিহতদের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। পরিবারের সদস্যরা মৃত্যুকে স্বাভাবিক বলে দাফন ও সৎকার সম্পন্ন করেছেন। কেউ মদ্যপানজনিত কারণে মারা গেছে এমন প্রমাণ পেলে অবশ্যই ময়নাতদন্ত করা হতো। তারপরও বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’
এদিকে, শহরের সাধারণ মানুষের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই প্রশাসনের কাছে চোলাই মদ ও অবৈধ মাদক উৎপাদন ও বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।