ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন দেশের ১৩টি চা বাগানে চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন চা শ্রমিকরা। এই ষড়যন্ত্রের প্রতিবাদে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তেলিয়াপাড়া চা বাগান ফ্যাক্টরির সামনে শতাধিক শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে তারা নিজ নিজ কাজে যোগ দেন।
বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী, মহিলা সর্দার বিরেন্দ্র বোনার্জি, শ্রমিক নেত্রী প্রেম পান তাতীসহ অনেকে। তারা বলেন, এনটিসির ব্যবস্থাপনা পরিচালক এইচএসএম জিয়াউল আহসান দায়িত্ব নেওয়ার পর থেকে চা বাগানগুলোতে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক পরিবেশ গড়ে উঠেছে। চা উৎপাদন ও গুণগত মানে উন্নতি এসেছে। কর্মপরিবেশে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরায় শ্রমিকরাও আশাবাদী হয়ে উঠেছেন। তবে এই অগ্রগতি মেনে নিতে পারছে না একটি স্বার্থান্বেষী মহল।
বক্তারা অভিযোগ করেন, অতীতে দুর্নীতির দায়ে বহিষ্কৃত একটি গোষ্ঠী হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা মোটা অঙ্কের বিনিময়ে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে চা বাগান ও এনটিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়াচ্ছে।
পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী বলেন, “!হুমায়ুন কবির আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। সে বলেছে, তার কথা না শুনলে ইউটিউবে মাদক ব্যবসায়ী বানিয়ে প্রচার করবে। আমরা শ্রমিকরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না।”
শ্রমিকরা জানান, তাদের শান্তিপূর্ণ কর্মপরিবেশকে যেভাবে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, তা অব্যাহত থাকলে তারা কঠোর আন্দোলনে নামবেন। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
শ্রমিকদের দাবি, অপপ্রচার ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। প্রশাসনের হস্তক্ষেপ না এলে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।