হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুমি আক্তার (২৪) নামে এক তরুণী। তিনি উপজেলার চৌশতপুর গ্রামের কমরু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জুমি আক্তার তার বসতঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর তার বাবা কমরু মিয়া ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। পরে জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কৌশিক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ জানায়, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি, তদন্ত চলছে।