হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় চারটি পৃথক বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ি, কসমেটিকস ও চা-পাতাসহ মোট ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) ৫৫ বিজিবির একটি টহল দল জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে দেড় হাজার পিস ভারতীয় শাড়ি ও ছয় হাজারেরও বেশি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকা।
এছাড়া জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে ৯১ পিস ভারতীয় দামী শাড়ি ও ২৫ কেজি গাঁজা জব্দ করে। এসবের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় চা-পাতা আটক করে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান ও মাদক প্রতিরোধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে।” তিনি আরও জানান, আটককৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, চলতি জুলাই মাসে এ পর্যন্ত ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে মোট ৩ কোটি ৭৫ লাখ ২১ হাজার ৫৭০ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।