হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি ব্রিজের কাছে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় প্রায় ঘণ্টাখানেক সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই বন্ধু লাখাই যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
নিহত ব্যক্তির নাম বিশাল মিয়া (২৫), তিনি শহরের রাজনগর কবরস্থান রোড এলাকার আব্দুর রহমানের পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট পাঠানো হলে পথে তাজপুর এলাকায় তার মৃত্যু হয়। আহত মহিউদ্দিন বিজয় (৩০) একই এলাকার বাসিন্দা এবং বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে গণপিটুনি দিয়ে আটক করে। পরে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মন্নান সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক চালকের নাম কবির মিয়া, তিনি সদর উপজেলার দুর্লভপুর গ্রামের আছকির মিয়ার ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসআই আব্দুল মন্নান জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।