বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মব সৃষ্টি ও অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করতে একটি চক্র পরিকল্পিতভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
গতকাল শনিবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম বলেন, ‘সমন্বয়ক’ পরিচয়ে কয়েকজন ব্যক্তি বিদ্যালয় থেকে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং মব সৃষ্টির মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি জানান, গত বছর ২ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক বাধ্যতামূলক ছুটিতে ছিলেন এবং ২০ জুলাই থেকে বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকেই বহিরাগতরা মব সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে দাবি করেন প্রধান শিক্ষক।
তিনি আরও জানান, ৫ আগস্টের পর বিদ্যালয়ের সুনাম ও ফলাফল ক্ষতিগ্রস্ত হলেও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা একযোগে চেষ্টা চালিয়ে রেজাল্ট পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার, সিনিয়র শিক্ষক কাজল মিয়া, দীপক কুমার গোপ, ফারহানা খানম, নানু মিয়া, জাহেদুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইদুর রহমান চৌধুরী, সোনিয়া ইকবাল সম্পা, ইমদাদুল হক, অফিস সহকারী পারভীন আক্তার প্রমুখ। এছাড়া বানিয়াচংয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।