
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে, এর পুনরাবৃত্তি ঠেকাতে হবে।
গতকাল রোববার (৩ আগস্ট) সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে জনগণের টাকা পাচার করে কানাডা, দুবাই, মালয়েশিয়ায় ঘরবাড়ি করা হয়েছে। আমরা চাই না, সে রকম সুযোগ আর কেউ পাক। সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, বিগত ৯ মাসে দেশের মধ্যে কিছু হলেই সব দোষ বিএনপি নেতাকর্মীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে। অথচ বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে সবচেয়ে বেশি গুম, খুন, মামলা হামালা নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিনা অপরাধে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে বছর পর বছর। লাখ লাখ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন ভুলে গেলে হবে না।
নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।
নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমদ আলী মুকিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া ও আমেরিকা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হক নান্টু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী,অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ আরও অনেকেই।