হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুক মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত মাসুক মিয়া উমেদনগর গ্রামের আলফু মিয়ার পুত্র। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে জিআর ৬৬/২৫ মামলায় আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, “আমাদের সাড়াশি অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ধরতে সদর থানা পুলিশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।