নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অভিভাবকরা। গতকাল সোমবার (১১ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, কয়েকজন শিক্ষক নিয়মিত দেরিতে আসেন, পাঠদানে গাফিলতি করেন এবং অনেক সময় ক্লাস না নিয়েই চলে যান। বিশেষ করে শিক্ষক ফজলু মিয়া নিজের প্রতিষ্ঠিত বেসরকারি স্কুলে বেশি সময় দিচ্ছেন এবং সরকারি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সেখানে ভর্তি করাতে প্ররোচিত করছেন।
অভিযোগকারীরা জানান, এসব কারণে বিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং শিক্ষার মান কমে যাচ্ছে। মানববন্ধন থেকে দায়িত্বে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা, ডিজিটাল হাজিরা চালু ও অভিভাবক পর্যবেক্ষণ কমিটি গঠনের দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষক রাসেল হোসেন, অলিউর রহমান, সাজু মিয়া ও বোরহান উদ্দিনসহ অনেকে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।