আজমিরীগঞ্জ পৌরসভায় বছরের পর বছর নতুন জন্মনিবন্ধন কিংবা জন্মনিবন্ধন সংশোধনের কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও মাসের পর মাস ঘুরেও মিলছে না কাঙ্খিত সেবা।
ভুক্তভোগীদের অভিযোগ, অনলাইনে আবেদন করার পর পৌরসভা থেকে জানানো হয় যে, আবেদন হবিগঞ্জ জেলা অফিসে পাঠানো হবে এবং এক মাসের মধ্যে সংশোধিত জন্মনিবন্ধন পাওয়া যাবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেবা মিলছে না।
সরাপনগর গ্রামের এক ভুক্তভোগী জানান, গত বছরের ১৬ অক্টোবর জন্মনিবন্ধন সংশোধনের জন্য আবেদন করেও এখনও কোনো ফল পাননি। সম্প্রতি জেলা অফিসে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘স্মারক নম্বর ছাড়া হবে না।’ পরে স্মারক নম্বর দেওয়ার পরও তাকে জানানো হয় আবেদন বাতিল হয়ে গেছে, আবার পৌরসভায় যোগাযোগ করতে হবে।
এমন ভোগান্তি বহু মানুষই ভুগছেন বলে জানা গেছে। জন্মনিবন্ধন, ওয়ারিশান বা নাগরিক সনদের জন্য আবেদন করলেও দীর্ঘসূত্রিতা ও দাপ্তরিক অবহেলার কারণে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার বলেন, জন্মনিবন্ধন তথ্য সংশোধনের ক্ষমতা হবিগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালকের দপ্তরের। এ নিয়ে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।