নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নবীগঞ্জ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সালিশ বিচারক সৈয়দ খালেদুর রহমান খালেদ আইনশৃঙ্খলা রক্ষা, দাঙ্গা প্রতিরোধ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত কর্মশালায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।
পুরস্কার গ্রহণের পর চেয়ারম্যান খালেদ বলেন, “এ সম্মান আমার একার নয়- এটি কুর্শি ইউনিয়ন ও নবীগঞ্জের প্রতিটি মানুষের সহযোগিতা, সচেতনতা ও অংশগ্রহণের ফল। আইনশৃঙ্খলা রক্ষা, দাঙ্গা প্রতিরোধ ও জন্ম-মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করা আমার দায়িত্ব ও অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আমাদের ইউনিয়ন হবে শান্তি, শৃঙ্খলা ও সেবার মডেল। এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে জনগণের কল্যাণে কাজ করতে।”
স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা জানান, চেয়ারম্যান খালেদ দীর্ঘদিন ধরে সালিশি কার্যক্রমে ন্যায়বিচার নিশ্চিত, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দাঙ্গা-সংঘর্ষ প্রতিরোধে সাফল্য অর্জন করেছেন। একই সঙ্গে ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার শতভাগে উন্নীত করতে তিনি নিজে মাঠে নেমে কাজ করেছেন।
প্রশংসনীয় এই অর্জনের জন্য কুর্শি ইউনিয়নসহ পুরো নবীগঞ্জ জুড়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।