নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজির সংঘর্ষে রাহিনুর রহমান সুহিনুর (২৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত রাহিনুর রহমান ওই গ্রামের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ জানান, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেটগামী একটি ট্রাক পিছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক রাহিনুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউ শূন্য থাকায় তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত (শনিবার, ১৬ আগস্ট) রাত ১টার দিকে তিনি মারা যান।
পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। শনিবার জানাজা শেষে মরদেহ দাফন সম্পন্ন হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।