নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামে তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি উড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
পরিবারের সদস্যরা জানান, তানভীর কয়েক বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর দেশে ফিরে আসেন। পরে তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। দেশে ফেরার পর থেকেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”