হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে পুকুর থেকে কৃপেন্দ্র দাস (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের জামিনী মোহন দাসের পুত্র এবং বর্তমানে সিলেট শহরে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোষা পূজা উপলক্ষে কৃপেন্দ্র দাস গত মঙ্গলবার নিজ গ্রামের বাড়িতে আসেন। রাতের বেলায় পূজা চলাকালে তিনি বাড়িতেই ছিলেন। পরদিন বুধবার সকালে স্থানীয়রা গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।