নবীগঞ্জ উপজেলার গহরপুর গ্রামে এক সন্তানের জননীকে ধর্ষণ করেছে লম্পট ভাসুর। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সাধন দাশের পুত্র ভাসুর রিপন দাশ (৪০) কে আটক করেছে। এদিকে লজ্জায় ওই নারী পান্না দাশ আত্মহননের চেষ্টা করেছে বলে জানা গেছে। অসুস্থ অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার রাত ৯টায় হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নির্যাতিতা গৃহবধূ হাসপাতালের মেঝেতে শুয়ে আছেন। তার ২ বছরের শিশু মায়ের পাশে বসে আছে।
পুলিশ জানায়, তার স্বামী সুবল দাশ জীবিকার তাগিদে ঠিকাদারের কাজ করেন। বাড়িতে একা থাকে পান্না দাশ। চাচাতো ভাসুর রিপন দাশ মাদকাসক্ত। রবিবার দুপুরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার একমাত্র কন্যাকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য হুমকি দেয়। তার স্বামী বাড়ি এলে বিষয়টি জানায়। পরে নবীগঞ্জ থানায় জানালে পুলিশ বিকালে রিপন দাশকে আটক করে থানায় নিয়ে আসে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান জানান, এ ঘটনায় ভিকটিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক রিপনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।