হবিগঞ্জ শহরের ভাঙ্গারপুল এলাকা থেকে ৪০ লিটার মদসহ রবি দাস কল্যাণ সমিতির সভাপতি রঞ্জু রবি দাস (৩৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি শহরের ২ নম্বর পুল এলাকার রবিদাস পাড়ার মৃত দ্বীপ চরণ রবি দাসের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রঞ্জু রবি দাস মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। এ তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৪০ লিটার মদ উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে শনিবার ডিবি পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে।